এবার উৎকণ্ঠা খুলনার ভোটে || Ajkar Khulna
গাজীপুর সিটির পর এবার খুলনা সিটি নির্বাচন নিয়েও উৎকণ্ঠা তৈরি হয়েছে ভোটারদের মধ্যে। কারণ, গাজীপুরে যে কারণে মামলা হয়েছে, একই সমস্যা রয়েছে খুলনা সিটিতেও। এর আগে ঢাকা সিটির ভোটও এ কারণে আদালত স্থগিত করে। এদিকে গতকাল ঢাকাসহ সারা দেশে গাজীপুর সিটির ভোট স্থগিত ও খুলনার ভোট হওয়া, না হওয়া নিয়ে ব্যাপক আলাপ-আলোচনা হয়েছে। আর মাত্র ৬ দিন পর খুলনা সিটির ভোট অনুষ্ঠিত হবে। তবে বিভিন্ন সূত্র জানিয়েছে, খুলনা সিটির ভোটের বিষয়ে মামলা হলেও তা নিষ্পত্তি করে ভোট অনুষ্ঠানের পর্যন্ত সময় নেই। অন্যদিকে গাজীপুর নির্বাচন স্থগিতের বিষয়ে গতকাল নির্বাচন কমিশনার কবিতা খানম বলেছেন, ‘এ বিষয়ে আমরা আগে কিছু জানতাম না। গণমাধ্যম থেকে বিষয়টি জেনেছি। এরপর আদালতের নির্দেশনার প্রতি সম্মান রেখে আমরা এ নির্বাচনের সব কার্যক্রম বন্ধ রেখেছি।’
সংবিধানের ১২৫ (গ) অনুচ্ছেদে আছে, ‘কোনো আদালত, নির্বাচনের তফসিল ঘোষণা করা হইয়াছে এইরূপ কোনো নির্বাচনের বিষয়ে, নির্বাচন কমিশনকে যুক্তিসঙ্গত নোটিস ও শুনানির সুযোগ প্রদান না করিয়া, অন্তর্বর্তী বা অন্য কোনো রূপে কোনো আদেশ বা নির্দেশ প্রদান করিবেন না।’ সংবিধানের এই ধারা কবিতা খানমের সামনে তুলে ধরেন সাংবাদিকরা। পরে নির্বাচন কমিশনার কবিতা খানম বলেন, ‘আমরা এ রিট বিষয়ে হিয়ারিংয়ের আগে জানতাম না। হিয়ারিং হওয়ার পর জেনেছি।’ তবে তিনি বলেছেন, ১২৫ (গ) নিয়ে নির্বাচন কমিশনের বৈঠকে হয়তো আলোচনা হবে।
রিটকারী সুরুজের আবেদনের বিরুদ্ধে হাই কোর্টে শুনানি করেছেন নির্বাচন কমিশনের আইনজীবী তৌহিদুর রহমান। যদি কমিশন এ বিষয়ে নাই জানত, তাহলে তিনি কীভাবে শুনানি করলেন? এমন প্রশ্নে তিনি বলেন, ‘আমরা কোনো আইনজীবী ওখানে নিয়োগ দিইনি। আমাদের আইনজীবী প্যানেল আছে। সে প্যানেলভুক্ত একজন আইজীবী রিটের একটা কপি পেয়েছে। কপি পাওয়ার পর উনি হিয়ারিংয়ে ছিলেন। কিন্তু আমরা তাকে অফিশিয়ালি নিয়োগপত্র দিইনি। তাকে ওকালতনামা দেওয়ার মতো সুযোগ ছিল না আমাদের।’
খুলনা নির্বাচন নিয়ে ভোটারদের মধ্যে শঙ্কা কাজ করছে? অন্য সিটি নির্বাচনও কি ঢাকা ও গাজীপুরের মতো স্থগিত হবে? প্রশ্নে কবিতা খানম বলেন, কোনো সংক্ষুব্ধ ব্যক্তি আদালতের কাছে যেতে পারে। আইন তাকে সে সুযোগ দিয়েছে। এখানে নির্বাচন কমিশনের করার কী আছে? এর আগেও (গাজীপুর সিটির বিষয়ে) একটি রিট ছিল তা নিষ্পত্তি হয়েছে। আমরা স্থানীয় সরকার থেকে ক্লিয়ারেন্স নেওয়ার পরই নির্বাচনের তফসিল ঘোষণা করি। নির্বাচন কমিশনার কবিতা খানম বলেন, তবে অন্য সিটি নির্বাচন নিয়ে অ্যাডভান্স বলা যাবে না। কী কারণে নির্বাচন স্থগিত হয়েছে বিষয়গুলো জখন ক্লিয়ার হবে তখন জনগণের মনে শঙ্কা থাকবে না। তিনি বলেন, খুলনা সিটি করপোরেশন নির্বাচন হয়তো রংপুর ও কুমিল্লা সিটি নির্বাচনের মতোই সমাপ্ত করতে পারব।
নির্বাচন ভণ্ডুলের ষড়যন্ত্রে বিএনপিই হাই কোর্টে রিট করেছে : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেছেন, গাজীপুরে বিএনপির মেয়রের কাছে ওই এলাকার মানুষ সেবা পায়নি বলে জনগণ বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তাই গাজীপুর সিটি নির্বাচনে ‘নিশ্চিত ভরাডুবির’ আভাস পেয়ে আগে থেকেই নির্বাচন ভণ্ডুলের ষড়যন্ত্রে বিএনপি হাই কোর্টে রিট করেছে। গতকাল দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের ইম্পিরিয়াল হোটেলে বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ-এর জাতীয় সম্মেলনে এ কথা বলেন তিনি।
জাহাঙ্গীর কবির নানক বলেন, গাজীপুর সিটি নির্বাচনে ‘নিশ্চিত ভরাডুবির’ আভাস পেয়ে ভোটে জিততে সারা দেশ থেকে বিএনপি সন্ত্রাসীদের জড়ো করছিল। নির্বাচন ভণ্ডুলের ষড়যন্ত্রে তারা আগে থেকেই ছিল। এই নির্বাচন বন্ধে সরকারের কোনো হাত নেই জানিয়ে তিনি বলেন, গাজীপুর সিটি নির্বাচন নিয়ে সরকারের কোনো হাত নেই। আদালত রায় দিয়ে নির্বাচন স্থগিত করেছে। এই নির্বাচন বন্ধের জন্য ব্যারিস্টার মওদুদ আহমদ গত ১০ এপ্রিল চেষ্টা করেছেন। একজন চেয়ারম্যানের পক্ষে তিনি শুনানি করে ব্যর্থ হয়েছেন।
জাহাঙ্গীর কবির নানক বলেন, গাজীপুর সিটি নির্বাচনে ‘নিশ্চিত ভরাডুবির’ আভাস পেয়ে ভোটে জিততে সারা দেশ থেকে বিএনপি সন্ত্রাসীদের জড়ো করছিল। নির্বাচন ভণ্ডুলের ষড়যন্ত্রে তারা আগে থেকেই ছিল। এই নির্বাচন বন্ধে সরকারের কোনো হাত নেই জানিয়ে তিনি বলেন, গাজীপুর সিটি নির্বাচন নিয়ে সরকারের কোনো হাত নেই। আদালত রায় দিয়ে নির্বাচন স্থগিত করেছে। এই নির্বাচন বন্ধের জন্য ব্যারিস্টার মওদুদ আহমদ গত ১০ এপ্রিল চেষ্টা করেছেন। একজন চেয়ারম্যানের পক্ষে তিনি শুনানি করে ব্যর্থ হয়েছেন।
আদালত ও খুলনার দিকে সতর্ক দৃষ্টি বিএনপির : বিএনপি সতর্ক দৃষ্টি রাখছে আদালত ও খুলনা সিটির প্রতি। গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন স্থগিত হওয়ার পর খুলনার ভোট নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপি নেতা-কর্মীরা। খুলনা সিটি করপোরেশন নির্বাচন বন্ধ করে দেবে কি না তা নিয়েও সংশয়ে তারা। তবে হাল ছাড়তে নারাজ বিএনপি। হাই কোর্টের এক আদেশে নির্বাচন স্থগিত হওয়ার পর বিএনপির দৃষ্টি এবার আপিল বিভাগের দিকে। যে কোনো মূল্যে গাজীপুরে দলটি নির্বাচন চায়। এ জন্য বিএনপি মনোনীত প্রার্থী হাসান উদ্দিন সরকার গতকাল আদালতে রিটও করেছেন। সেখানে দলের সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলনসহ কয়েকশ নেতা-কর্মী জড়ো হন। আজ আপিলের শুনানি হওয়ার কথা রয়েছে। এদিকে নানা শঙ্কার মধ্যেও বিএনপি খুলনায় আটঘাট বেঁধে নেমেছেন। সেখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের নেতৃত্বে একঝাঁক কেন্দ্রীয় নেতা দলীয় প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুর পক্ষে কাজ করে যাচ্ছেন। গাজীপুর নির্বাচন স্থগিত হওয়ায় সেখানকার দায়িত্বরত নেতাদের আরেকটি অংশ যোগ দিচ্ছেন খুলনায়। বিএনপি মনে করে, নির্বাচন মোটামুটি সুষ্ঠু ও নিরপেক্ষ হলে খুলনায় প্রায় এক লাখ ভোটের ব্যবধানে ধানের শীষের প্রার্থী বিজয়ী হবেন। আবার দলের কেউ কেউ এটাও মনে করেন, যে কোনো কারণ দেখিয়ে নির্বাচন বন্ধও করে দিতে পারে সরকার। তবে সবদিকে সতর্ক দৃষ্টি রেখেই খুলনায় নির্বাচনের প্রচারণা চালিয়ে যাচ্ছে বিএনপি। খুলনায় দায়িত্ব পালন করা কেন্দ্রীয় প্রভাবশালী এক নেতা বাংলাদেশ প্রতিদিনকে জানান, নির্বাচন স্থগিত করলেও রাজনৈতিকভাবে জয়ী হবে বিএনপি। এ প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ‘গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন বন্ধ করে দেওয়া হয়েছে। খুলনায় নির্বাচনের প্রচারণা চলছে। সেখানেও ধানের শীষের পক্ষে ঢেউ উঠেছে। গাজীপুর যেহেতু বন্ধ আমাদের আরও নেতা খুলনা যাবেন, আরও ঢেউ উঠবে। গণজোয়ারে সরকার এখন আতঙ্কে রয়েছে। কাজেই কখন আবার খুলনাও বন্ধ করে দেওয়া হয় আল্লাহ জানেন। কারণ এই সরকার পরাজিত হতে চায় না।

No comments