খুলনা বিভাগের ১০ জেলায় সড়ক দুর্ঘটনায় গত নয় মাসে ২৭২ জন নিহত ও ১৭৪ জন আহত হয়েছেন।
খুলনা বিভাগের ১০ জেলায় সড়ক দুর্ঘটনায় গত নয় মাসে ২৭২ জন নিহত ও ১৭৪ জন আহত হয়েছেন। এ বছরের প্রথম ছয় মাসের তুলনায় গত তিন মাসে এ বিভাগে সড়ক দুর্ঘটনায় নিহতের হার বৃদ্ধি পেয়েছে।বৃহস্পতিবার দুপুরে খুলনা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর খুলনা জেলা শাখার উপদেষ্টা অ্যাডভোকেট সাইফুল ইসলাম এ তথ্য জানান।সংবাদ সম্মেলনে তিনি বলেন, চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত খুলনা বিভাগের ১০ জেলায় ৬৯ জন, এপ্রিল থেকে জুন পর্যন্ত ৯২ জন এবং জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত ১১১ জন নিহত হয়েছেন।এর মধ্যে গত তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) খুলনা জেলায় ২৩ জন নিহত ও ৩৭ জন আহত হন। পাশাপাশি বাগেরহাটে ১২ জন নিহত ও ২৫ জন আহত, সাতক্ষীরায় ১৪ জন নিহত ও ৩০ জন আহত, যশোরে ২৩ জন নিহত ও ৪৪ জন আহত, ঝিনাইদহে ১১ জন নিহত ও ২০ জন আহত, মাগুরায় পাঁচজন নিহত ও ১১ জন আহত, নড়াইলে তিনজন নিহত ও তিনজন আহত, কুষ্টিয়ায় ১৭ জন নিহত ও চারজন আহত, চুয়াডাঙ্গায় দুইজন নিহত এবং মেহেরপুরে একজন নিহত হয়েছেন।সংবাদ সম্মেলনে বলা হয়, সড়ক দুর্ঘটনার জন্য দায়ী অদক্ষ চালক, বিশেষ করে বাস-ট্রাক, সিএনজি, মোটরসাইকেল, ইজিবাইক, ভটভটি, নসিমন ও করিমনের চালকরা।এছাড়া ত্রুটিপূর্ণ যানবাহন, মালিকের অব্যবস্থাপনা, মনিটরিংয়ের অভাব, দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনা, জনগণের অসচেতনতা, অনিয়ন্ত্রিত গতি, রাস্তা নির্মাণে ত্রুটি, রাজনৈতিক সদিচ্ছার অভাব এবং আইন ও তার যথাযথ প্রয়োগ না হওয়ার কারণে সড়ক দুর্ঘটনা ঘটছে বলেও সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বিআরটিআইয়ের উপ-পরিচালক জিয়াউর রহমান, খুলনা নিসচার সভাপতি মো. হাছিবুর রহমান হাছিব ও সাধারণ সম্পাদক এস এম ইকবাল হোসেন বিপ্লব প্রমুখ।


No comments