এই মুহূর্তে সড়ক পরিবহন আইন পরিবর্তনের সুযোগ নেই: কাদের

এই মুহূর্তে সড়ক পরিবহন আইন পরিবর্তন করার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, “এই মুহূর্তে আইন পরিবর্তন করার কোনো সুযোগ নেই। এই মুহূর্তে পরিবর্তন করতে তো পারব না। পরবর্তী পার্লামেন্ট পর্যন্ত তাদের অপেক্ষা করতে হবে।”
রবিবার রাজধানীর সেতু ভবনে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাত শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন কাদের।
তিনি বলেছেন, এই মুহূর্তে বলতে চাই, ধর্মঘাট প্রত্যাহার করুন, মানুষকে কষ্ট দিয়ে কোনো লাভ নেই।
পরিবরহন শ্রমিকদের ধৈর্য্য ধরার পরামর্শ দিয়ে সড়ক পরিবহনমন্ত্রী কাদের বলেন, “তাদের অপেক্ষা করতে হবে। এর মধ্যে কোনো ন্যায়সংগত বিষয় থাকলে পরে আলোচনার মাধ্যমে বিবেচনা করা হবে।”
সড়ক পরিবহন আইনের কয়েকটি ধারা সংশোধনসহ আট দফা দাবিতে রবিবার সকাল থেকে ৪৮ ঘণ্টার ধর্মঘট করছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন।
তাদের এই ধর্মঘটে সারা দেশে দূরপাল্লার বাস ও পণ্যবাহী যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ঢাকা, চট্টগ্রামসহ বড় শহরগুলোতে নগর পরিবহন বন্ধ রাখায় চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।

No comments