পরিবহন ধর্মঘটের জন্য ট্রেনের ছাদে যাত্রা, ফিরল লাশ হয়ে

পরিবহন ধর্মঘটের কারণে যাত্রীদের প্রচণ্ড চাপ ছিল ট্রেনে। আজ সোমবার কমলাপুর রেল স্টেশন থেকে তোলা।
পরিবহন ধর্মঘটের বলি হলেন সাতক্ষীরার ড্যানিয়েল সরকার (২৭) নামের এক যুবক। ট্রেনের ছাদে করে বাড়ি ফেরার পথে পাবনার পাকশী হার্ডিঞ্জ ব্রিজের গার্ডারের ধাক্কায় তাঁর মৃত্যু হয়।
নিহত ড্যানিয়েল সাতক্ষীরার তালা উপজেলার গোনালী ইউনিয়নের খোকন সরকারের ছেলে।
ড্যানিয়েল সরকারের চাচাতো ভাই ও সহযাত্রী সতীশ সরকার বলেন, ‘আমরা সাধারণত বাসেই যাতায়াত করে থাকি। ঢাকায় অফিসের কাজে একটি ট্রেনিং শেষে বাড়ি ফিরছিলেন ড্যানিয়েল। তাঁর সঙ্গে আমিও বাড়িতে ফিরছিলাম। সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ডাকা ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘটের কারণে ঢাকা থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকায় খুলনাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনে যাব বলে ঠিক করি। কিন্তু এই ধর্মঘটের কারণে ট্রেনের প্রতিটি বগিতে প্রয়োজনের তুলনায় বেশি লোক থাকায় অন্যান্য যাত্রীদের দেখাদেখি ট্রেনের ছাদে উঠে বাড়ি ফিরছিলাম। গতকাল দিবাগত রাত সোয়া ৩টার দিকে ট্রেনটি পাকশী হার্ডিঞ্জ ব্রিজ পার হওয়ার সময় ব্রিজের গার্ডারের ধাক্কায় ড্যানিয়েল নিচে পড়ে যান। পরে ভেড়ামারা স্টেশনে নেমে সকালে পাকশী এসে পুলিশকে জানালে তারা মরদেহ উদ্ধার করে।’
পরিবহন ধর্মঘটের কারণে ট্রেনে অতিরিক্ত যাত্রী থাকায় এ ঘটনা ঘটেছে কি না, এমন প্রশ্নের জবাবে পাবনা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন সভাপতি ফিরোজ খান বলেন, এ ঘটনার জন্য পরিবহন ধর্মঘট দায়ী নয়।
ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুবীর দত্ত জানান, কোনো অভিযোগ না থাকায়  যুবকের মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে। এ ব্যাপারে ঈশ্বরদীতে একটি অপমৃত্যুর মামলা হয়েছে। 

No comments

Powered by Blogger.