জানুয়ারিতে বাংলাদেশ সফর করবে নিউজিল্যান্ড-ইংল্যান্ডের অনুর্ধ্ব ১৯ দল

নিউজিল্যান্ড-ইংল্যান্ড

জানুয়ারিতে বাংলাদেশ সফর করবে নিউজিল্যান্ড ও ইংল্যান্ড অনুর্ধ্ব ১৯ দল। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ৪ জানুয়ারি আসবে নিউজিল্যান্ড। ২০ জানুয়ারি ইংল্যান্ড আসবে তিনটি ওয়ানডে, দুইটি ইয়ুথ টেস্ট ও একটি টি-টোয়েন্টি খেলতে। কক্সবাজার, চট্টগ্রাম ও ফতুল্লাতে হবে ম্যাচগুলো নিশ্চিত করেছেন বিসিবির গেইম ডেভলেপমেন্ট ম্যানেজার এ এম কায়সার। যুব বিশ্বকাপের আগে দেশ ও দেশের বাইরে খেলিয়ে তৌহিদ হৃদয়দের পরিপক্ক করতে চায় বিসিবি।

শ্রীলঙ্কায় ব্যস্ত জুনিয়র টাইগাররা, ওখান থেকে ফিরে খুব বেশি সময় পাওয়া যাবে না। প্রস্তুত হতে হবে ঘরের মাটিতে নিউজিল্যান্ড ও ইংল্যান্ডকে সামলাতে। দুই দলের সঙ্গেই সিরিজ চূড়ান্ত করে ফেলেছে বিসিবি। বিশ্বকাপের আগে হৃদয়দের প্রস্তুতিতে কোনও ফাঁক রাখতে চায় না বোর্ড। 

জানুয়ারিতেই শুরু হবে ব্যস্ততা। পর পর দুইটি সিরিজে তারা মোট আটটি ওয়ানডে, দুইটি ইয়ুথ টেস্ট ও একটি টি-টোয়েন্টি খেলবে। বিপিএলের সময়ে সিরিজ হবে, তাই ঢাকার বাইরের ভেন্যুগুলোতেই ম্যাচ আয়োজন করতে চায় বোর্ড। দুই একদিনের মধ্যেই সূচি চূড়ান্ত হয়ে যাবে।

শরিফুল, তৌহিদ হৃদয়রা এবারের বিপিএলে দল পেয়েছেন। জুনিয়রদের জন্য এটাকে বড় সুযোগ বলছেন গেম ডেভলেপমেন্ট ম্যানেজার। বড় তারকাদের সঙ্গে ড্রেসিংরুম ভাগাভাগি ক্রিকেটারদের মানসিকভাবে শক্ত করবে। তবে নিউজিল্যান্ড, ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে এই ক্রিকেটারেরা কি বিপিএলে খেলবেন নাকি অনুর্ধ্ব ১৯ দলে স্কোয়াডে থাকবেন সেই প্রশ্ন থাকছে। বিসিবি বলছে এই বিষয়ে ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে আলোচনা শেষে সিদ্ধান্ত হবে।

অনভিজ্ঞ দলটি যুব এশিয়া কাপে স্নায়ুচাপে ভেঙ্গে পেড়েছিলো। বিশ্বকাপ সাউথ আফ্রিকায়, বড় মঞ্চে আরও কঠিন পরীক্ষায় পড়তে হবে জুনিয়রদের। তার আগে ওদের বেশি বেশি ম্যাচ খেলিয়ে প্রস্তুত করতে চায় বিসিবি।

No comments

Powered by Blogger.