খুলনায় ১৩৪২১ ভোটগ্রহণ কর্মকর্তার তালিকা প্রস্তুত : কমিশনে প্রেরণ আজ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনায় পুরোদমে চলছে প্রস্তুতি। নির্বাচনের ভোটকেন্দ্র চূড়ান্ত করা হয়েছে। সেই সাথে ভোটগ্রহণ কর্মকর্তাদের সংখ্যাগত তালিকাও করা হয়েছে। আসন্ন নির্বাচনে খুলনার ছয়টি আসনের জন্য ১২ হাজার ২০০ ভোটগ্রহণ কর্মকর্তা প্রয়োজন হবে। তাদের সাথে ১০ শতাংশ ভোটগ্রহণ কর্মকর্তা অতিরিক্ত হিসেবে রাখা হবে। সব মিলিয়ে ১৩ হাজার ৪২১ জন ভোটগ্রহণ কর্মকর্তার সংখ্যাগত তালিকা প্রস্তুত করেছে জেলা নির্বাচন অফিস। আজ বৃহস্পতিবার নির্বাচন কমিশনে এই তালিকা প্রেরণ করা হবে। একই সাথে আজ নির্বাচনের তফসির ঘোষণা করা হলে শুক্রবার নির্বাচন কমিশন থেকে মনোনয়নপত্র আসবে খুলনায়। সম্ভাব্য প্রার্থীরা রিটার্নিং অফিসার এবং সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন। 
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে খুলনার ছয়টি সংসদীয় আসনের জন্য ৭৮৫ জন প্রিজাইডিং অফিসার, ৩ হাজার ৮০৫ জন সহকারী প্রিজাইডিং অফিসার, ৭ হাজার ৬১০ জন পোলিং অফিসার থাকবে। এসব ভোট কেন্দ্র ও কক্ষের জন্য মোট ১২ হাজার ২০০ ভোটগ্রহণ কর্মকর্তা দায়িত্বে থাকবেন। এর সাথে আরো ১০ শতাংশ ভোটগ্রহণ কর্মকর্তাকে রিজার্ভ রাখা হবে। সব মিলিয়ে ১৩ হাজার ৪২১ ভোটগ্রহণ কর্মকর্তার সংখ্যাগত তালিকা তৈরি করা হয়েছে। যা আজ নির্বাচন কমিশনে পাঠানো হবে। একই সাথে ৭৮৫টি কেন্দ্রের সাথে আরো ৫ শতাংশ ভোটকেন্দ্র বৃদ্ধি করে রিজার্ভ রাখা হচ্ছে।  
জানা গেছে, সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের প্রথম শ্রেণীর কর্মকর্তাদের প্রিজাইডিং কর্মকর্তা এবং দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তাদের সহকারী প্রিজাইডিং কর্মকর্তা হিসেবে নিয়োগ  দেওয়া হবে। একই প্রতিষ্ঠানের কর্মচারীদের পোলিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হবে। 
সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা এম মাজহারুল ইসলাম বলেন, একাদশ সংসদ নির্বাচনে ৭৮৫টি কেন্দ্রের জন্য ৩ হাজার ৮০৫টি ভোটকক্ষের তালিকা প্রস্তুত করা হয়েছে। প্রতি কেন্দ্রে একজন প্রিজাইডিং অফিসার থাকবেন। এছাড়া প্রতিটি ভোটকক্ষের জন্য একজন সহকারী প্রিজাইডিং অফিসার ও ২ জন পোলিং অফিসার থাকবে। তিনি বলেন, নির্বাচনকে ঘিরে পুরোদমে প্রস্তুতি চলছে। প্রধান নির্বাচন কমিশনার তফসিল ঘোষণা, রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ দিলে মনোনয়নপত্র বিতরণ করা শুরু হবে। সেক্ষেত্রে বৃহস্পতিবার তফসিল ঘোষণা হলে শুক্রবার খুলনায় মনোনয়নপত্র আসার সম্ভাবনা রয়েছে। যা রিটার্নিং অফিসার এবং সহকারি রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে সংগ্রহ করা যাবে।

No comments

Powered by Blogger.