চট্টগ্রামে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে যুবক নিহত
চট্টগ্রামের মিরসরাই উপজেলায় পূর্ব শত্রুতার জেরে মো. শাহ আলম (৩০) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে একদল যুবক।
বুধবার (৩১ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শাহ আলম একজন ওয়ার্কশপ মিস্ত্রী। তিনি মধ্যম ওয়াহেদপুর গ্রামের আলী আকবরের ছেলে।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির জাগো নিউজকে বলেন, ‘শাহ আলমের সঙ্গে কিছুদিন ধরে একই এলাকার কয়েকজন যুবকের দ্বন্দ্ব চলে আসছিল বলে জানিয়েছে তার পরিবার। বুধবার সন্ধ্যার পর ওই যুবকরা শাহ আলমকে পাহাড়ের ওপর নিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে চলে যায়। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
ওসি জানান, ঘটনার সঙ্গে জড়িত যুবকদের গ্রেফতারে অভিযান শুরু করেছে পুলিশ।


No comments