ভোট ডিসেম্বরেই: এ সপ্তাহেই তফসিল
নির্বাচন কমিশনের (ইসি) পূর্ব নির্ধারিত দিন আজ ৪ নভেম্বরের বৈঠকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল চূড়ান্ত করা হবে। আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ করতে চায় কমিশন। এ লক্ষ্যে এ সপ্তাহেই তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ।
নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে শনিবার আগারগাঁও নির্বাচন ভবনে কমিশনের বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফ করেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ।
ইসি সচিব বলেন, অনলাইনে মনোনয়নপত্র দাখিলের বিষয়ে বিধিমালা চূড়ান্ত করা হয়েছে। রবিবার (আজ) বিকালে ইভিএমসহ পূর্ণাঙ্গ তফসিল চূড়ান্ত করতে বৈঠক হবে।
এর আগে বিকালে চলমান সংলাপ শেষ হওয়া পর্যন্ত একাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা না করতে অনুরোধ করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বরাবর চিঠি দেয় জাতীয় ঐক্যফ্রন্ট। চিঠিতে বলা হয়- আপনারা প্রধানমন্ত্রীর সংলাপের বিষয়টি অবগত আছেন এবং সেদিকে নজর রাখছেন। সেই প্রেক্ষাপটে আমরা মনে করি, তফসিল ঘোষণার ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি চলমান রাজনৈতিক প্রক্রিয়া। এ জন্য সংলাপ শেষ না হওয়া পর্যন্ত কমিশনের অপেক্ষা করাই শ্রেয়। এবিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ইসি সচিব বলেন, আমরা এখনো চিঠির বিষয়ে অবহিত নই। আগামীকালের (আজ) সভায় সবকিছু চূড়ান্ত করা হবে। সাংবাদিকরা ডিসেম্বরের মধ্যেই নির্বাচন করার পূর্ব ঘোষণা ঠিক থাকবে কিনা জানতে চাইলে ইসি সচিব বলেন, আমরা ডিসেম্বরের মধ্যেই নির্বাচন করতে প্রস্তুত। এদিকে তফসিল ঘোষণার পর নির্বাচন ভবন ও কমিশনের নিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপি কমিশনারকে নির্দেশ দিয়েছেন সিইসি কে এম নুরুল হুদা।
গতকাল সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়ার সঙ্গে বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এই নির্দেশনা দেন। নির্বাচন ভবনে সকাল সাড়ে ১১টা থেকে সঙ্গে প্রায় ঘণ্টাখানেকের বৈঠকে সিইসিসহ চার নির্বাচন কমিশনার আর ডিএমপি কমিশনারের নেতৃত্বে পুলিশের একটি প্রতিনিধিদল অংশ নেয়।
নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ এ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন ভবন, সিইসি, নির্বাচন কমিশনারদের নিরাপত্তা ও তফসিল পরবর্তী মেট্রোপলিটন এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলতে এসেছিলেন ডিএমপি কমিশনারসহ সাত সদস্যের একটি প্রতিনিধি দল।’
‘সিইসির সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রায় ঘণ্টাখানেক কথা বলেছেন। তফসিল পরবর্তী মেট্রোপলিটন এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কথা বলেন তারা। ডিএমপি কমিশনার জানান, ইসির সার্বিক নিরাপত্তার জন্য সব ব্যবস্থা নেওয়া হবে।’
প্রতিবার তফসিলের আগে ইসির নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে ডিএমপির সঙ্গে বৈঠকের রেওয়াজ রয়েছে বলেও জানান ইসি সচিব।
দশম সংসদ নির্বাচনের আগেও বিএনপির ভোট বর্জন ও নৈরাজ্যের মধ্যে ২০১৩ সালের ২৫ নভেম্বর তফসিল ঘোষণার দিন বাড়তি পুলিশ ও র্যাব সদস্যদের শেরে বাংলা নগরে নির্বাচন কমিশনের আশেপাশে সতর্ক থাকতে দেখা যায়। নির্বাচন কমিশনের পাশেই বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্র এলাকাতেও ছিল পুলিশের সাঁজোয়া যান।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনী আগের চাইতে অনেক বেশি পেশাদারি ভূমিকা রাখে। নির্বাচনকে ঘিরে কেউ বিশৃঙ্খলা করতে চাইলে তারা কঠোরভাবে মোকাবিলা করবে বলেও তিনি হুঁশিয়ারি জানান।
শনিবার জেলহত্যা দিবস উপলক্ষে পুরাতন কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা জানাতে যান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। এরপরই সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘আমাদের নির্বাচন কমিশন আছে, তাদেরই দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষা করার জন্য। তবে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী আগের থেকে অনেক দক্ষ, পেশাদারিত্বে তারা অনেকখানি সক্ষম। কাজেই যদি কেউ কোনো ধরনের বিশৃঙ্খলার চেষ্টা করে তারা সেটা মোকাবিলা করতে পারবে। এর আগে সকালে একই হুঁশিয়ারি জানিয়েছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছিলেন, কেউ যদি আজকে সংলাপে এসে একটা লোক দেখানো অংশ নেয় এবং ভেতরে ভেতরে অন্য প্রস্তুতি নিতে থাকে, যদি সহিংসতার দিকে পা বাড়ায় সেই অবস্থায় আমরাও প্রস্তুত।

No comments