৫ দিনে খুলনায় ৮২ বিএনপি নেতা-কর্মীকে গ্রেফতারের অভিযোগ
ফাইল ছবি
নির্বাচনকে সামনে রেখে খুলনায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের গণগ্রেফতার অভিযান শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন সংগঠনটির নেতাকর্মীরা।
গত ২৬ অক্টোবর থেকে এখন পর্যন্ত নগরীর বিভিন্ন থানায় ৮২ নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে। লবণচরা ও সোনাডাঙ্গা থানায় নতুন করে দুটি গায়েবি মামলাও দায়ের করা হয়েছে। আগেও ১৫টি মামলা দায়ের করা হয়। সেসব মামলায় ৩০ জনকে গ্রেফতার করা হয়।
এসব গায়েবি মামলা এবং নেতাকর্মীদের গণগ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে খুলনা মহানগর বিএনপি।
এদিকে গ্রেফতারি অভিযানের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে শনিবার এক বিবৃতিতে খুলনা মহানগর বিএনপি নেতারা বলেছেন, নির্বাচনী মাঠ ফাঁকা করতেই আওয়ামী লীগ সরকার বিএনপি নেতা-কর্মীদের গণগ্রেফতার করছে। অবিলম্বে নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের করা গায়েবি মামলা প্রত্যাহার, গ্রেফতার নেতা-কর্মীদের নিঃশর্ত মুক্তি এবং ভবিষ্যতে রাজনৈতিক কর্মীরা যেন হয়রানির শিকার না হয়, থানা ও ওয়ার্ড পর্যায়ে বিএনপি যেন বিনা বাধায় নির্বাচনে প্রস্তুতির কাজ করতে পারে সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন তারা।


No comments