খুলনার ক্ষেত্রে কোনও কিছু অগ্রিম বলা যাবে না : ইসি

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন স্থগিত চেয়ে রিটের শুনানিতে নির্বাচন কমিশনের (ইসি) পক্ষে প্যানেলভুক্ত আইনজীবী থাকলেও ইসির ওকালতনামা ছিল না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার কবিতা খানম। রাজধানীর আগারগাঁওয়ের সোমবার নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
কবিতা খানম বলেন, ‘আদালতে আমাদের আইজীবী প্যানেল আছে। তাদের মধ্যে একজন আইজীবী রিটের একটা কপি পেয়ে হিয়ারিংয়ে ছিলেন। কিন্তু আমরা তাকে অফিসিয়ালি নিয়োগপত্র দিইনি। তাকে ওকালতনামা দেওয়ার মতো সুযোগ ছিল না।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নির্বাচন স্থগিত বিষয়ে আগে আদালত আমাদের কিছু জানাননি। আমরা আগে কিছু জানতাম না। গণমাধ্যম থেকে বিষয়টি জেনেছি। তবে আদালতের নির্দেশনার প্রতি সম্মান রেখে আমরা এ নির্বাচনের সব কার্যক্রম বন্ধ রেখেছি। আদালতের সিদ্ধান্তকে আমরা সম্মান করেছি।’
‘নির্বাচনের তফশিল দেওয়ার পর সে বিষয়ে ইসিকে অবহিত না করে আদালত কোনও আদেশ বা নির্দেশ দিতে পারে না’ সংবিধানের এই বিধানের বিষয়ে প্রশ্ন করা হলে কমিশনার কবিতা খানম বলেন, ‘আমরা এ রিট বিষয়ে হিয়ারিংয়ের আগে জানতাম না। হিয়ারিং হওয়ার পর জেনেছি।’
গাজীপুর স্থগিত হলে খুলনার ক্ষেত্রে এ রকম হতে পারে কিনা, জানতে চাইলে তিনি বলেন, ‘কোনও কিছু অগ্রিম বলা যাবে না। কোনও সংক্ষুব্ধ ব্যক্তি আদালতের কাছে যেতে পারেন। আইন তাকে সেই সুযোগ দিয়েছে। তবে আমরা স্থানীয় সরকার থেকে ক্লিয়ারেন্স নেওয়ার পরই নির্বচনের তফসিল ঘোষণা করি। আমরা গাজীপুর সিটি নির্বাচনের ব্যপারে স্থানীয় সরকার থেকে দু’বার ক্লিয়ারেন্স নিয়েছি। তারা জানিয়েছে, সেখানে কোনও ধরনের জটিলতা নেই। তারা আমাদের নির্বাচন করতে বলেছে।’
গাজীপুর সিটি নির্বাচন স্থগিতের ব্যাপারে কমিশন আপিল করবে কিনা, জানতে চাইলে কবিতা খানম বলেন, ‘আমরা এখনও রিটের সারমর্ম পাইনি। আশা করি দ্রুতই লিখিত আদেশ পাবো। লিখিত আদেশ পেলে কমিশন বৈঠকে সে বিষয়ে সিদ্ধান্ত হবে।’
এদিকে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের উপর হাইকোর্টের তিন মাসের স্থগিত বিরুদ্ধে বিএনপি’র মেয়রপ্রার্থী হাসান উদ্দিন সরকারের আবেদন বিষয়ে আপিল শুনানির জন্য আজ মঙ্গলবার দিন ধার্য করেছেন আদালত। হাসান উদ্দিন সরকারের পক্ষে আবেদন করেন এড. জয়নুল আবেদিন ও ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। 
এর আগে দুপুরে শুনানির জন্য চেম্বার জজ আদালত যান আইনজীবীরা। পরে তারা চেম্বার জজ আদালতের বিচারক হাসান ফয়েজ সিদ্দিকীর খাস কামরায় গেলে বিচারক আজকের কার্যতালিকার প্রথম দিকে রেখে দিন ধার্য করেন।
হাসান উদ্দিন সরকারের আইনজীবী সানজিদ সিদ্দিকী বলেন আবেদনের জন্য হলফনামা করতে বেলা ১১টার দিকে আদালতের অনুমতি নেয়া হয়। অনুমতি নিয়ে আবেদনটি করা হয়েছে। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে আপিল বিভাগের চেম্বার আদালত তাকে এ অনুমতি প্রদান করেন।
এদিকে স্থগিতাদেশের বিরুদ্ধে বিএনপি’র প্রার্থী হাসান উদ্দিন সরকারের পর আপিলের আবেদন করেছেন আ’লীগের জাহাঙ্গীর আলম। সোমবার দুপুরে হাসানের আপিলের ঘণ্টা দেড়েকের মধ্যেই আপিল করেন আ’লীগের প্রার্থী। এর আগে তিনি সাংবাদিকদেরকে বলেন, যেকোনো মূল্যে ১৫ মে ভোট হোক, এটাই তিনি চান।

No comments

Powered by Blogger.