টেকনাফে ৩০ হাজার ইয়াবা বড়ি জব্দ, তরুণ আটক


কক্সবাজারের টেকনাফ উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ৩০ হাজার ইয়াবা বড়ি জব্দ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত থেকে আজ শুক্রবার ভোর চারটা পর্যন্ত অভিযান চালিয়ে এসব জব্দ করা হয়। এ ছাড়া টেকনাফের শাহপরীর দ্বীপে অভিযান চালানোর সময় এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ওই যুবকের নাম জাহেদ হোসেন (২০)।
টেকনাফ ২ বিজিবির অতিরিক্ত পরিচালক কাজী মনজুরুল ইসলাম সাংবাদিকদের বলেন, বৃহস্পতিবার রাতে কক্সবাজারগামী বাসে তল্লাশির সময় বাসযাত্রী জাহেদ হোসেনের ডান পায়ের সঙ্গে বাঁধা অবস্থায় একটি প্যাকেট পাওয়া যায়। ওই প্যাকেটের ভেতর থেকে ১০ হাজার ইয়াবা বড়ি জব্দ করা হয়েছে। এ সময় দুটি মোবাইল সেট ও নগদ ২৩ হাজার টাকাসহ তাঁকে আটক করা হয়।
এদিকে শুক্রবার ভোরে শাহপরীর দ্বীপ উত্তরপাড়ার একটি সুপারিবাগানে ইয়াবা বেচাকেনার সময় বিজিবির সদস্যরা অভিযান চালান। বিজিবির উপস্থিতি টের পেয়ে পলিথিন মোড়ানো একটি প্যাকেট ফেলে পালিয়ে যান ইয়াবা ব্যবসায়ীরা। পরে ওই প্যাকেটের ভেতর থেকে ২০ হাজার ইয়াবা বড়ি জব্দ করা হয়েছে।

No comments

Powered by Blogger.