গুলিস্থানে পচা মাংস বিক্রি, ৭ দোকানিকে ৪ লক্ষ টাকা জরিমানা

পচা মাংস বিক্রি ও সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে মাংস বিক্রি করার অভিযোগে রাজধানীর গুলিস্তানে অভিযান চালিয়েছে র‌্যাব। শুক্রবার (২৫ মে) দুপুরে গুলিস্থানের কাপ্তান বাজারে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে র‌্যাব-১০ ও বিএসটিআই এই অভিযান চালায়। অভিযানে ৪ মাংস বিক্রেতাকে বিভিন্ন মেয়াদে সাজা ও ৭ দোকানিকে ৪ লক্ষ টাকা জরিমানা করা হয়। এসময় ৩০ মণ পচা মাংস জব্দ করে তা নষ্ট করা হয়।
রমজানের আগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ও মাংস ব্যবসায়ীদের যৌথ সিদ্ধান্তে গরুর মাংসের কেজি ৪৫০ টাকা ও বিদেশি গরুর মাংস ৪২০ টাকা নির্ধারণ থাকলেও বাজারের ব্যবসায়ীরা ৫০০ টাকা দরে তা বিক্রি করছিল। এছাড়া ভেড়া ৬০০ টাকা নির্ধারণ থাকলেও তা ৭০০ টাকা ও ছাগলের মাংস ৭২০ টাকা নির্ধারণ থাকলেও সেখানে ৮০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছিল। এছাড়া বেশ কয়েকটি দোকানি অনেক দিনের পুরাতন ও পচা মাংস বিক্রি করা হচ্ছিল।
অভিযান শেষে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম জানান, কাপ্তান বাজারে অভিযান চালিয়ে ৩০ মণের বেশি পচা মাংস উদ্ধার করা হয়েছে। যেগুলো বাজারের ফ্রিজে রাখা ছিল; যা প্রায় দীর্ঘ ছয় মাস আগের। ওই মাংসগুলো বিভিন্ন রেস্টুরেন্ট বা হোটেলে বিক্রি করা হতো। এছাড়া খাসির মাংসের ওজন বাড়াতে পানিতে ভিজিয়ে রাখা হয়েছিল। অভিযানে ১১টি মাংসের দোকানির মধ্যে সাতজনকে চার লাখ টাকা জরিমানা ও ৪ মাংস বিক্রেতাকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে।
বিএসটিআই ইন্সপেক্টর বিল্লাল হোসেন জানান, মাংসের ওজন বাড়াতে তা পানিতে ভিজিয়ে রাখা হয়েছিল। যা পেটের জন্য মারাত্মক ক্ষতিকর।

No comments

Powered by Blogger.