জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরু কাল

সারাদেশের ন্যায় খুলনায় কোমলমতি শিক্ষার্থীদের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী ১৫ নভেম্বর পরীক্ষা শেষ হবে। প্রথম দিনে জেএসসি’র বাংলা এবং জেডিসি’র কুরআন মাজীদ ও তাজবিদ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এদিকে প্রশ্নপত্র ফাঁস রোধে পরীক্ষা শুরু হওয়ার আধা ঘন্টা আগে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ বাধ্যতামূলক করা হয়েছে। গেল বছর ১ নভেম্বর এ পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল।    
জেলা প্রশাসনের সূত্র জানায়, খুলনায় এবছর জেএসসি ও জেডিসি’র ৬৭টি কেন্দ্রে পরীক্ষার্থী ৩৯ হাজার ২০২ জন। এর মধ্যে জেএসসি’র ৫৩টি কেন্দ্রে ৩৪ হাজার ৬৮৫ জন ও জেসিডি’র ১৪টি কেন্দ্রে ৪ হাজার ৫১৭ জন পরীক্ষায় অংশ নিচ্ছে। গেল বছর জেএসসি ও জেডিসি’র ৬৭টি কেন্দ্রে পরীক্ষার্থী ছিল ৩৭ হাজার ৬৭৩ জন। এর মধ্যে জেএসসি’র ৫৩টি কেন্দ্রে ছিল ৩৩ হাজার ৩৩৫ জন ও জেসিডি’র ১৪টি কেন্দ্রে ছিল ৪ হাজার ৩৩৮ জন পরীক্ষার্থী। তবে খুলনায়  এ বছর জেএসসি ও জেডিসিতে পরীক্ষার্থী বেড়েছে ১ হাজার ৫২৯ জন। এর মধ্যে জেএসসিতে বেড়েছে ১ হাজার ৩৫০ জন এবং জেডিসিতে বেড়েছে ১৭৯ জন।  
এদিকে এ বছর মহানগরীর এইচ আর এইচ প্রিন্স আগাখান মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রটি স্থগিত করা হয়েছে। এ কারণে উক্ত কেন্দ্রের সাতটি শিক্ষা প্রতিষ্ঠানকে এ বছর নগরীর অন্যান্য কেন্দ্রের  সঙ্গে অন্তর্ভুক্ত করা হয়েছে। বানিয়াখামার মাধ্যমিক বিদ্যালয়কে পল্লীমঙ্গল-৪২৮ কেন্দ্রে নতুন করে অন্তর্ভুক্ত করায় কেন্দ্রে দেখা দিয়েছে আসন সংকট। এছাড়া নগরীতে জেডিসি পরীক্ষার দু’টি কেন্দ্র হওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শুধুমাত্র খুলনা আলিয়া কামিল মাদ্রাসার পরীক্ষার্থী এবং দারুল কুরআন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার পরীক্ষার্থীদের পারস্পারিক বিনিময় করবেন।

No comments

Powered by Blogger.