সড়ক দুর্ঘটনায় সাতক্ষীরা অভয়নগর ও বাঘারপাড়ায় নিহত ৩ : আহত ৩

সাতক্ষীরার দেবহাটায় সড়ক দুর্ঘটনায় শহীদুল গাজী (৬২) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এছাড়া অভয়নগরের ভাঙ্গাগেট এলাকায় বাসের ধাক্কায় শফিয়ার রহমান বিশ্বাস (৪৫) নামে এক ইঞ্জিন ভ্যান আরোহী ঘটনাস্থলে নিহত ও তিন জন আহত হয়েছেন। এদিকে বাঘারপাড়ায় মোটরসাইকেলের ধাক্কায় ভুতিরন নেছা (৫৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকাল ও সন্ধ্যায় পৃথক এ দুর্ঘটনা ঘটে। 
নিহত বৃদ্ধ শহীদুল গাজী সাতক্ষীরার পলাশপোল মধুমোল্লারডাঙ্গী এলাকার মৃত মোঃ ছয়ের আলী গাজীর ছেলে। পুলিশ জানায়, শহীদুল গাজী সকালে বাড়ি থেকে বেরিয়ে মাহেন্দ্রাযোগে কালিগঞ্জের নলতায় মেয়ে জামাইয়ের বাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে সকাল সাড়ে ৯টার দিকে তাকে বহনকারী মাহেন্দ্রটি দেবহাটার কুলিয়ায় বাজারে দাঁড়িয়ে থাকা একটি ট্রলির সঙ্গে ধাক্কা লাগে। এ সময় ড্রাইভারের বাম পাশে বসে থাকা শহীদুল গাজী মাথায় প্রচন্ড আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান। দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মান্নান আলী বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ  পরিবারের কাছে হস্তান্তর করা হবে।  
অভয়নগর : গতকাল সন্ধ্যায় যশোর-খুলনা মহাসড়কের ভাঙ্গাগেট এলাকায় খুলনাগামী সমির এক্সপ্রেস (যশোর গ-১১-০১৪৯) যাত্রী বোঝাই একটি ইঞ্জিন ভ্যানকে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই উপজেলার পায়রা গ্রামের শফিয়ার রহমান বিশ্বাস মারা যান। আহত হন, উপজেলার দেয়াপাড়া গ্রামের আছিব শেখ (১৩), ভ্যান চালক সোনামিয়া মোল্লা (৫০) এবং ঢাকায় বসবাসরত হালিম শেখ(৩৫)। আহতদের ২ জনকে আশঙ্কাজনক অবস্থায় খুমেক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি আতাউর রহমান জানান বেপরোয়াভাবে সমির এক্সপ্রেস ভ্যানের ওপর দিয়ে চলে যাওয়ায় এ দূর্ঘটনা ঘটে। পুলিশ ঘাতক বাসটিকে আটক করেছে। 
যশোর : নিহত ভুতিরন নেছা উপজেলার রায়পুর ইউনিয়নের ভদ্রডাঙ্গা গ্রামের জহুর আলীর স্ত্রী। নিহতের ছেলে হাসান বিশ্বাস জানান, সকালে আমার মা বাড়ির পাশে মনিরের দোকানে পান কিনতে গিয়েছিলেন। এসময় দ্রুত গতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে মাটিতে পড়ে গিয়ে মা গুরুতর আহত হন। খবর পেয়ে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করি। এখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মায়ের মৃত্যু হয়। এ ব্যাপারে কোতোয়ালী থানার এসআই খবির হোসেন বলেন, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

No comments

Powered by Blogger.