পাইকগাছায় বিদ্যুৎস্পৃষ্টে হনুমানের মৃত্যু

পাইকগাছায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একটি হনুমানের করুণ মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে পৌর সদরের মধুমিতা মার্কেট এলাকায় বিদ্যুৎ স্পৃষ্টের এ ঘটনা ঘটে। বন বিভাগের তত্ত্বাবধানে মৃত হনুমানটি মাটি চাপা দেয়া হয়েছে।
উল্লেখ্য, কেশবপুরের কালোমুখ দলছুট হনুমান খাদ্যের সন্ধানে মাঝে মধ্যে পাইকগাছা ও আশপাশের এলাকায় বিচরণ করতে দেখা যায়। এলাকার লোকজন পাউরুটি কলাসহ যা দেয় তাই খেয়ে দলছুট হনুমানগুলো বেঁচে রয়েছে। তবে মাঝে মধ্যে অনেককেই হনুমানের উপর আক্রমণ করতে দেখা যায়। একবার কে বা কারা একটি হনুমানকে কুপিয়ে জখম করে। এ ঘটনায় আদালতে একটি মামলাও দায়ের করা হয়। সর্বশেষ গত শনিবার দুপুরে হনুমানের একটি জুটি পৌর সদরে বিচরণ করছিল। এর মধ্যে একটি হনুমান দলিল লেখক সমিতির ভবনের ছাদ থেকে লাফ দিয়ে মধুমিতা মার্কেটের টিনের চালের উপর যাচ্ছিল। এ সময় মার্কেটের পাশে থাকা বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে হনুমানটি নিচে পড়ে গিয়ে মারা যায়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসান জানান, খবর পেয়ে বিষয়টি তাৎক্ষণিকভাবে প্রাণিসম্পদ বিভাগকে জানানো হয় হনুমানটি সুস্থ করে তোলার জন্য। কিন্তু পরবর্তীতে জানতে পারি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নীচে পড়ে গিয়েই হনুমানের মৃত্যু হয়। উপজেলা বন কর্মকর্তা প্রেমানন্দ রায় জানান, মৃত হনুমানটিকে বন বিভাগের তত্ত্বাবধানে শিবসা’র চরে মাটি চাপা দেয়া হয়।

No comments

Powered by Blogger.