মংলায় মসজিদ কমিটি গঠন নিয়ে সংঘর্ষে ৩ জন আহত : আটক ১

মংলায় মসজিদ কমিটিকে কেন্দ্র করে দুই গ্র“পের সংঘর্ষে ৩ জন আহত হয়েছে। গতকাল শনিবার সকাল ১১টার দিকে উপজেলার সুন্দবন ইউনিয়নের উত্তর বাজিকরখন্ড লালখা বাজারে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের পর এক জনকে আটক করেছে পুলিশ। 
আহত তোফাজ্জেল মৃধা জানান, এলাকার একটি মসজিদে কমিটি করে স্থানীয় তাজরুল হাওলাদারকে ক্যাশিয়ার নির্বাচিত করা হয়। কিন্তু এলাকায় তার বিরুদ্ধে একাধিক অনৈতিক কার্যকলাপের অভিযোগ প্রমানিত হওয়ায় ২০ এপ্রিল শুক্রবার জুম্মা বাদ মসজিদের মুসল্লিরা তাকে কমিটি থেকে বাদ দেয়। এতে সে ক্ষিপ্ত হয়ে মসজিদ কমিটির সভাপতিকে অকথ্য ভাষায় গালিগালাজ করলে মুসল্লিরা তাতে বাধা দেয়। পরে তাজরুলসহ বেশ কয়েকজন সন্ত্রাসী সংঘবদ্ধ হয়ে মুসল্লিদের উপর হামলা চালায়। এতে তোফাজ্জেল মৃধা, বায়েজিত মৃধা ও মোজাম্মেল মোল্লা গুরুতর আহত হয়। সন্ত্রাসীদের দেশীয় অস্ত্রের আঘাতে তোফাজ্জেল মৃধার দু’টি দাঁত ভেঙে যায় এবং মাথা ও শরীর আঘাতে রক্তাক্ত জখম হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে মংলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। এ ব্যাপারে মোফাজ্জেল মোল্লা বাদী হয়ে থানায় ৫ জনকে আসামি করে অভিযোগ দিলে প্রধান আসামি তাজরুল হাওলাদারকে আটক করে পুলিশ। মংলা থানার উপ-পুলিশ পরিদর্শক আব্দুল্লাহ জানায়, সুন্দরবন ইউনিয়নের উত্তর বাজিকরখন্ড এলাকায় মসজিদের কমিটি নিয়ে দ্বন্দ্বের দুই পক্ষের মারামারীর ঘটনায় থানায় অভিযোগ হয়েছে। প্রধান আসামিকে আটক করা হয়েছে। অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।

No comments

Powered by Blogger.