বাগেরহাট-২ আসনে সারহান নাসের তন্ময়কে প্রার্থী হিসাবে দেখতে চাই

ছাত্রলীগের সমাবেশে বক্তারা বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বঙ্গবন্ধুর দৌহিত্র ও বাগেরহাট-১ আসনের সাংসদ শেখ হেলাল উদ্দিনের পুত্র শেখ সারহান নাসের তন্ময়কে বাগেরহাট-২ আসনে প্রার্থী হিসেবে দেখতে চাই ।
গতকাল শনিবার দুপুরে বাগেরহাট সরকারি পিসি কলেজ মাঠে ছাত্রলীগ আয়োজিত ছাত্র সমাবেশে বক্তারা এই দাবি তোলেন। ছাত্র সমাবেশে সম্মানিত অতিথি বঙ্গবন্ধুর দৌহিত্র শেখ সারহান নাসের তন্ময় বলেন, আগামী সংসদ নির্বাচনে প্রত্যেক ঘরে ঘরে গিয়ে নৌকা প্রতীকে ভোট চাইতে হবে। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইলে মনে করতে হবে দেশের তিনশ আসনেই তিনি একাই প্রার্থী। তিনি এখানে যাকে নৌকা প্রতীকের প্রার্থী করবেন তার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু বলেন, আমরা জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে বঙ্গবন্ধু পরিবারের সুযোগ্য উত্তরসুরি শেখ সারহান নাসের তন্ময়কে স্বাগত জানিয়েছি। তাকে আমরা গ্রহণ করেছি, অভিনন্দন জানাচ্ছি। বাগেরহাট জেলা ছাত্রলীগের সভাপতি মনির হোসেন বলেন, গত দশ বছর ধরে আওয়ামী লীগ ক্ষমতায় রয়েছে। জেলার শীর্ষ নেতাদের উপর রাগে ক্ষোভে দলের অনেক ত্যাগী নেতাকর্মী এখন রাজনীতিবিমুখ। এদের রাজনীতিতে উজ্জীবিত করতে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন বঙ্গবন্ধুর দৌহিত্র শেখ সারহান নাসের তন্ময়। তাই আসন্ন সংসদ নির্বাচনে তাকে বাগেরহাট সদর আসনে প্রার্থী করা হলে দলের মধ্যে থাকা বিরোধ নিরসন হবে। বাগেরহাট জেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক সরদার নাসির উদ্দিন বলেন, দলের অনেক ত্যাগী নেতাকর্মীরা এখন অনেকটাই নিষ্ক্রীয়। বাগেরহাট-১ আসনের সাংসদ শেখ হেলাল উদ্দিনের ছেলে সারহান নাসের তন্ময় রাজনীতির মাঠে আসায় আমরা দারুণভাবে উজ্জীবিত। যারা দলীয় কর্মকান্ড থেকে দূরে ছিলেন তন্ময় আসায় তারা আবার রাজনীতির মাঠে সক্রিয় হয়ে উঠেছেন। তাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তাকে দল মনোনয়ন দিলে দলের ভেতরে বাইরে যে বিরোধ রয়েছে তা দূর হবে মত দেন ওই যুবনেতা।
জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ মনির হোসেনের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বাগেরহাট সরকারী পিসি কলেজের অধ্যক্ষ অভিজিৎ বসু, সাবেক সংসদ সদস্য মীর সাখাওয়াত আলী দারুর স্ত্রী ফরিদা আক্তার বানু লুসী, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স, খুলনা মহানগর ছাত্রলীগের সভাপতি শেখ শাহজালাল সুজন, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পদক অম্বরিশ রায়, জেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক ফারুক তালুকদার, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাহিয়ান আল সুলতান, ছাত্রলীগ নেতা সরদার ইয়াছির আরাফাত নোমান প্রমুখ। এসময় ছাত্র সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ নেতা সরদার ফকরুল আলম সাহেব, নকিব নজিবুল হক নজু ,তাতীলীগ সভাপতি আলহাজ¦ তালুকদার আব্দুল বাকি, তালুকদার নাজমুল কবির ঝিলাম, আবুল কালাম মিন্টু, মীর জয়েসী আসরাফি জেমস, বুলবুল ইজারাদার, শাহনেওয়াজ মোল্লা দোলন, মোস্তাফিজুর রহমান সোহেল, লিটন সরকারসহ বাগেরহাট জেলার সাবেগ ছাত্রলীগের সভাপতি ও সম্পাদকবৃন্দসহ সকল উপজেলার ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

No comments

Powered by Blogger.