নগরীর পৃথক দু’টি মামলায় দু’মাদক ব্যবসায়ীর জেল-জরিমানা
আড়ংঘাটা থানার বিশেষ ক্ষমতা আইনের মামলায় এজাজ খাঁন ওরফে ইলিয়াস খাঁনকে ৬ বছর সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ৫ মাসের সশ্রম কারাদণ্ড এবং খালিশপুর থানার মাদক মামলায় মোঃ আজম বাবুকে ৮ বছর সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ৫ মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত।
গতকাল রবিবার দুপুরে মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোঃ শহীদুল ইসলাম এ রায় ঘোষণা করেছেন। দণ্ডপ্রাপ্ত আসামি ইলিয়াস নগরীর খালিশপুর ১৮, হাউজিং এস্ট্রেট এর বাসিন্দা এবং ঝালকাঠি জেলা সদরের শেখের হাট খাঁন বাড়ির মোঃ আবুল হোসেন খাঁনের ছেলে। আজম বাবু খালিশপুর হাউজিং দক্ষিণ-পশ্চিম ব্লকের খন্দকার নজরুল ইসলামের বাড়ির ভাড়াটিয়া গাউসুল আজমের ছেলে। রায় ঘোষণাকালে উভয় আসামি পলাতক রয়েছেন।
আদালতের স্টোনোগ্রাফার মোঃ হাদিউজ্জামান হাদি নথীর বরাত দিয়ে জানান, ২০১৭ সালের ১১ অক্টোবর সকাল সাড়ে ১১টার দিকে আড়ংঘাটা বাইপাস সড়কের কুয়েট রোড়ে অভিযান পরিচালনা করে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি। এ সময় মধ্যপাড়া জহিরুল ইসলামের বাড়ির সামনে থেকে ১০০ বোতল ফেন্সিডিলসহ ইলিয়াসকে গ্রেফতার করা হয়। অপর দিকে ২০১৭ সালের ৫ মে রাত পৌনে ১০টার দিকে খালিশপুর লাল হাসপাতাল মোড়ে অভিযান পরিচালনা করে নগর ডিবি। এ সময় আলির চায়ের দোকানের সামনে থেকে ১৩৫ পিস ইয়াবাসহ আজম বাবুকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় ওই দু’জনের বিরুদ্ধে আড়ংঘাটা ও খালিশপুর থানায় মাদক মামলা দায়ের হয়। রাষ্ট্রপক্ষে মামলা দু’টি পরিচালনা করেন পিপি এড. বীরেন্দ্রনাথ সাহা ও এপিপি এড. মোঃ কামরুল হোসেন জোয়ার্দ্দার।


No comments